রমজান সামনে রেখে ভোজ্যতেলের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত ও বাজার স্থিতিশীল রাখতে কানাডার একটি প্রতিষ্ঠান থেকে ৩৫৭ কোটি টাকায় ২ কোটি ৭১ লাখ ৫০ হাজার লিটার পরিশোধিত সয়াবিন তেল কিনবে সরকার। পাশাপাশি স্থানীয়ভাবে ১৪৯ কোটি ১৭ লাখ টাকায় ৩০ হাজার টন ইউরিয়া সার কেনা হবে।
সচিবালয়ে গতকাল সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির তৃতীয় সভায় এ-সংক্রান্ত পৃথক পৃথক প্রস্তাবে অনুমোদন দেয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক বাজার থেকে সরাসরি ক্রয় পদ্ধতির মাধ্যমে কানাডার এনএসআরআইসি গ্রিন সাপ্লাইস থেকে প্রায় ৩৫৭ কোটি টাকায় ২ কোটি ৭১ লাখ ৫০ হাজার লিটার পরিশোধিত সয়াবিন তেল সংগ্রহের সুপারিশ করেছে কমিটি। যার প্রতি লিটারের দাম পড়বে ১৩১ টাকা ৪৯ পয়সা।
অন্যদিকে শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে চলতি ২০২৫-২৬ অর্থবছরের ১১তম লটের আওতায় কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকে ৩০ হাজার টন ব্যাগড গ্রানুলার ইউরিয়া সার সংগ্রহের প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকার। এতে ব্যয় হবে প্রায় ১৪৯ কোটি ১৭ লাখ টাকা। প্রতি টন সারের দাম পড়বে ৪০৫ দশমিক ২৫ ডলার।
গুরুত্বপূর্ণ এ আমদানি প্রস্তাবগুলোর পাশাপাশি কমিটি আরো কয়েকটি বিষয় ইতিবাচকভাবে বিবেচনা করেছে। এর মধ্যে রয়েছে ফরিদপুর ও গাইবান্ধায় সার বাফার গুদাম নির্মাণ, বাংলাদেশ কোস্টগার্ডের জন্য উচ্চগতির নৌযান ক্রয় এবং দেশের বিভিন্ন অঞ্চলে সড়ক নিরাপত্তা ও সড়ক যোগাযোগ উন্নয়ন-সংক্রান্ত একাধিক প্রকল্প।