চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় নানাবাড়িতে বেড়াতে গিয়ে অ্যাম্বুলেন্সের ধাক্কায় মাহফুজা খাতুন (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যার দিকে উপজেলার ডম্বলপুর গ্রামে আলমডাঙ্গা-কুষ্টিয়া সড়কের ডম্বলপুর ক্যানেলের ওপর রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি অ্যাম্বুলেন্স তাকে ধাক্কা দেয়।
নিহত মাহফুজা খাতুন আলমডাঙ্গা উপজেলার ডাউকি ইউনিয়নের মাজু গ্রামের মামুন আলীর মেয়ে। মামুন চট্টগ্রামে টাইলস মিস্ত্রির কাজ করেন।
স্থানীয়দের বরাত দিয়ে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাণী ইসরাইল জানান, প্রায় এক সপ্তাহ আগে মাহফুজা তার মায়ের সঙ্গে নানাবাড়ি ডম্বলপুর গ্রামের শের আলীর বাড়িতে বেড়াতে যায়। শুক্রবার বিকালে সে ক্যানেলের অপর পাশে একটি বাড়িতে যায়। সেখান থেকে ফেরার সময় রাস্তা পার হতে গেলে কুষ্টিয়াগামী একটি অ্যাম্বুলেন্স তাকে ধাক্কা দেয়। এতে মাহফুজা গুরুতর আহত হয়। স্থানীয়রা দ্রুত তাকে চিকিৎসকের কাছে নিয়ে গেলে সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়।
তিনি আরো জানান, শিশুটির মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের জন্য তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।