নেত্রকোনার কলমাকান্দায় একটি কবরস্থান নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে আহত হয়েছেন নারীসহ অর্ধশতাধিক মানুষ। এ সময় দোকানপাটসহ বাড়ি-ঘর ভাংচুরের ঘটনাও হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলার রংছাতী ইউনিয়নের আমগড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আমঘড়া ও পুলিয়া পানেশ্বরপাড়ার বাসিন্দাদের মধ্যে একটি কবরস্থানের জমির মালিকানা ও ওয়াকফ সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। দুই গ্রামের মানুষই ওই গোরস্থানে মৃত ব্যক্তিদের দাফন করে আসছেন। গোরস্থানের পাশে বাজার নির্মাণসহ বিভিন্ন বিষয় নিয়েও দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছিল।
শুক্রবার সকালে এ বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় রাস্তার নির্মাণকাজের জন্য রাখা ইট-পাটকেল নিক্ষেপ ও হাতাহাতির ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়।
সেখানকার কর্তব্যরত চিকিৎসক আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ৬ জনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেলে প্রেরন করে।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, গোরস্থানের জমির মালিকানা ও ওয়াকফ সম্পত্তি নিয়ে দুই গ্রামের মানুষের মধ্যে দীর্ঘদিনের বিরোধ থেকেই সংঘর্ষের সূত্রপাত। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানা তিনি।