কুষ্টিয়ায় গমবাহী ট্রেনের আটটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে আছে লাইনের ওপরেই। কুষ্টিয়া বড় স্টেশনের অদূরে মিলপাড়ায় এ ঘটনা ঘটে গতকাল বেলা ২টার দিকে। এতে কুষ্টিয়া থেকে সারা দেশের সঙ্গে রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
স্টেশন মাস্টার জামাল উদ্দিন জানান, ট্রেনের লাইন পরিদর্শনে থাকা ট্রেনের স্লিপার ট্রলির সঙ্গে গমবাহী টেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। গমবাহী ট্রেনটি রাজশাহী থেকে ফরিদপুরে যাচ্ছিল। অবশ্য, এতে কেউ হতাহত হননি বলে তিনি জানান।
দুর্ঘটনার ফলে খুলনা-গোয়ালন্দ, রাজশাহী-ফরিদপুর-গোপালগঞ্জসহ সব রুটের ট্রেনগুলোর চলাচল বন্ধ হয়ে যায়।
স্টেশন মাস্টার জানান, পাকশীতে যোগাযোগ করা হয়েছে। উদ্ধারকারী ট্রেন আসবে।
তবে কখন নাগাদ লাইন সংযোগ দেয়া হতে পারে তা তিনি নিশ্চিত করে বলতে পারেননি।