মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের আজমেরু গ্রামে অবস্থিত বার্ড পার্ক অ্যান্ড ইকো ভিলেজে।
পার্ক কর্তৃপক্ষ জানায়, দেশের অন্যতম বড় এ পাখি উদ্যান গত বছর চালু হয়। সে সময় আনা উটপাখি ও ইমু সম্প্রতি ডিম দিয়েছে। উটপাখির দুটি ও ইমু পাখির একটি ডিম সংরক্ষণ করে রাখা হয়েছে। দর্শনার্থীরা সেগুলো হাতে নিয়ে দেখতে পারেন। উটপাখির ডিমের রঙ ধূসর। একটি ডিমের ওজন প্রায় দেড় কেজি। আর ইমু পাখির ডিমের রঙ সবুজাভ-নীলচে। ডিমটিও আকারে বেশ বড়। পার্কটিতে দুটি উটপাখি ও দুটি ইমুকে পৃথক খাঁচায় রাখা হয়েছে।
তারা আরো জানায়, পার্কে উটপাখি ও ইমু ছাড়াও বিভিন্ন দেশী-বিদেশী পাখি, টার্কি, ময়ূর, ব্ল্যাক সোয়ান, রাজহাঁস, চীনাহাঁস, রঙিন মাছ, চিত্রা হরিণ, বার্ড লার্নিং সেন্টার, কিডস জোন ও ইলিউশন মিউজিয়াম এবং কৃত্রিম ঝরনা আছে।
জানা গেছে, উটপাখি পৃথিবীর সবচেয়ে বড় জীবিত পাখি। পূর্ণবয়স্ক একটি উটপাখির উচ্চতা ৮-১০ ফুট এবং ওজন ৬৩-১৪৫ কেজি হতে পারে। ডানা থাকলেও ভারি শরীরের কারণে তারা উড়তে পারে না। তবে দৌড়াতে পারে ঘণ্টায় প্রায় ৭০ কিলোমিটার বেগে।
প্রায় দেড় কেজি পর্যন্ত একটি উটপাখির ডিমের ওজন হতে পারে। আফ্রিকার তৃণভূমি, সাভানা ও শুষ্ক অঞ্চলের প্রাণী উটপাখি।
আর ইমু পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম পাখি। এটি অস্ট্রেলিয়ার পাখি। উটপাখির মতো ইমুও উড়তে অক্ষম। এ পাখির উচ্চতা ৫-৬ ফুট হয়। আর ওজন ৪০-৬০ কেজি হয়। এ পাখি দৌড়াতে পারে ঘণ্টায় প্রায় ৫০ কিলোমিটার বেগে।
বার্ড পার্ক অ্যান্ড ইকো ভিলেজের ব্যবস্থাপনা পরিচালক জাহেদ আহমেদ চৌধুরী বলেন, ‘আশা করছি, ভবিষ্যতে এ ডিমগুলো থেকে বাচ্চা ফুটবে। বর্তমানে ডিমগুলো নিরাপদে রাখা আছে। আর পাখিগুলোকেও বাড়তি যত্ন দেয়া হচ্ছে।’