দেশব্যাপী শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা, মামলা ও
খুনের প্রতিবাদে এবং ৯ দফা দাবিতে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে
আন্দোলনকারী শিক্ষার্থীরা।
শনিবার (৩ আগষ্ট) বেলা ১১টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
ব্যানারে আন্দোলনকারীরা জেলা শহরের উত্তর তেমুহনী থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন।
মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন
ঝুমুরের ইলিশ চত্বরে অবস্থান নেয়।৷সেখানে বেলা ১২টা পর্যন্ত বিক্ষোভ সমাবেশ করেন
শিক্ষার্থীরা। সমাবেশে আন্দোলনকারীরা সরকারের পদত্যাগ দাবিসহ ৯ দফা দাবিতে বিভিন্ন
স্লোগান দিতে থাকে।
সমাবেশে আন্দোলনকারীরা তাদের উপর শুক্রবার দুপুরে হামলার ঘটনায়
ক্ষোভ প্রকাশ করেন।
এ সময় তারা বলেন, জুমার নামাজের পর জেলা শহরের চকবাজার এলাকায়
তারা শান্তিপূর্ণ আন্দোলন করতে চাইলে যুবলীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের উপর
হামলা করে। এতে আন্দোলনরত শিক্ষার্থীরা আহত হয়। তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে
হামলার ঘটনায় তারা বিচার দাবি করেন। এছাড়া ঢাকাসহ সারাদেশে ছাত্র ও নিরীহ জনগণের
উপর নির্বিচারে গুলি করে হত্যার ঘটনায়ও বিচারের দাবি জানিয়েছেন তারা। ৯ দফা দাবি
আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেন।
তবে বিক্ষোভ চলাকালে আন্দোলনকারী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিরাপদ দূরত্বে অবস্থান নিতে
দেখা যায়।
এদিকে আন্দোলন চলাকালে লক্ষ্মীপুর-নোয়াখালী মহাসড়কে যান চলাচল
বন্ধ হয়ে যায়। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে আন্দোলনকারীরা সরে গেলে যান চলাচল
স্বাভাবিক হয়।