বরিশাল নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে যাত্রী তোলাকে কেন্দ্র করে এক ইজিবাইক চালকের হামলায় আরেক ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে। গতকাল হামলায় আহত জাকির গাজী (৩২) নামে ওই চালকের মৃত্যু হয়। তিনি নগরীর বিমানবন্দর থানার রামপট্টি এলাকার বাসিন্দা সোমেদ গাজীর ছেলে।
এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জাহিদ-বিন-আলম বলেন, ঘটনাটি শুনেছি। আমি নিজেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে এটি হত্যা কিনা, সেভাবে বলা সম্ভব হচ্ছে না। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
তিনি বলেন, শুনেছি মৃত্যুর আগে যাত্রী তোলা নিয়ে দুই অটোচালকের মধ্যে দুই দফায় ঝামেলা হয়। প্রথমে সকাল ১০টার দিকে বাবুগঞ্জের রামপট্টিতে জাকির গাজীর সঙ্গে অন্য ইজিচালকের সঙ্গে ঝগড়া হয়। পরে তা নিয়ে দ্বিতীয় দফায় নথুল্লাবাদে আবার তাদের মধ্যে নাকি হাতাহাতি বা মারামারি হয়। এ ঘটনার পর জাকিরের ভাই এসে তাকে বাড়িতে নিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে তিনি তিলক নামক স্থানে অসুস্থ হয়ে পড়েন। এরপর তাকে শেবাচিম হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য শেবাচিম হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তের নাম-পরিচয় এখনো জানা যায়নি।