রাজশাহীতে উৎসবমুখর পরিবেশে চলছে ভোটগ্রহণ

রাজশাহী জেলার ছয়টি সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হচ্ছে। আজ সকাল সাড়ে ৭টা থেকে একযোগে জেলার ৭৭৮টি ভোট কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত

রাজশাহী জেলার ছয়টি সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হচ্ছে। আজ সকাল সাড়ে ৭টা থেকে একযোগে জেলার ৭৭৮টি ভোট কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।

ভোটগ্রহণ শুরুর আগেই অনেক কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি দেখা গেছে। বিশেষ করে নারী ও তরুণ ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। হালকা শীত উপেক্ষা করে গণতান্ত্রিক অধিকার প্রয়োগে সকাল থেকেই কেন্দ্রে আসতে দেখা গেছে ভোটারদের। স্বজনদের সহায়তায় ভোট দিতে আসছেন প্রবীণ ভোটাররাও।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, রাজশাহীর ছয়টি আসনে বিভিন্ন দলের মোট ৩১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলায় মোট ভোটার সংখ্যা ২২ লাখ ৯২ হাজার ৩১৭। এর মধ্যে পুরুষ ভোটার ১১ লাখ ৩৮ হাজার ৬৩১ ও নারী ভোটার ১১ লাখ ৫৩ হাজার ৪৫৯ জন।

সুষ্ঠু ও নির্বিঘ্ন ভোটগ্রহণ নিশ্চিত করতে জেলাজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ, বিজিবি ও আনসারসহ মোট ১৫ হাজার ৪২৩ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। কোনো কেন্দ্রে অপ্রীতিকর ঘটনা ঘটলে ৫ থেকে ৭ মিনিটের মধ্যে প্যাট্রোলিং ফোর্স পৌঁছাবে বলে নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে।

রাজশাহী জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আফিয়া আক্তার জানান, সুষ্ঠু ভোটগ্রহণে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সে বিষয়ে প্রশাসন সর্বোচ্চ সতর্ক রয়েছে। আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে কোনো ছাড় দেয়া হবে না।

আরও