অন্যায়, অনাচার, হানাহানি ও কুসংস্কার পরিহার করে ব্যক্তি, সমাজ ও জাতীয় জীবনে শান্তির ধর্ম ইসলামের চেতনাকে প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সকল
মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদের শুভেচ্ছা জানিয়ে এক বাণীতে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী।
বাণীতে প্রধানমন্ত্রী বলেন, ঈদ শান্তি, সহমর্মিতা
ও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা দেয়, হিংসা-বিদ্বেষ ও হানাহানি ভুলে মানুষ সাম্য, মৈত্রী
ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়। ঈদ ধনী-গরিব নির্বিশেষে সকলের জীবনে আনন্দের বার্তা
নিয়ে আসে। ঈদের আনন্দ আমাদের সবার।
প্রধানমন্ত্রী বলেন, ব্যক্তি, পরিবার, সমাজ
ও রাষ্ট্রীয় জীবনে মুসলমানদের আত্মশুদ্ধি, সংযম, সৌহার্দ্য ও সম্প্রীতির মেলবন্ধন পরিব্যাপ্তি
লাভ করুক—
এটাই
হোক ঈদ উৎসবের ঐকান্তিক কামনা। হাসি-খুশি ও ঈদের অনাবিল আনন্দে প্রতিটি মানুষের জীবন
পূর্ণতায় ভরে উঠুক। বিশ্বের সকল মানুষের সুখ-শান্তি, কল্যাণ ও উত্তরোত্তর সমৃদ্ধি হোক
আজকের দিনে আমি মহান আল্লাহর কাছে এই প্রার্থনা করি।
বাণীতে প্রধানমন্ত্রী আরো বলেন, পবিত্র ঈদুল
ফিতরের এই দিনে আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রাণপ্রিয় মাতৃভূমি বাংলাদেশ
ও মুসলিম উম্মার উত্তরোত্তর উন্নতি, সমৃদ্ধি ও অব্যাহত শান্তি কামনা করছি। মহান আল্লাহ
আমাদের সহায় হোন। আমিন।