বাংলাদেশের প্রাচীন ইতিহাস ও প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য নিয়ে ফ্রান্সের প্রত্নতাত্ত্বিকরা বাংলাদেশের প্রত্নতাত্ত্বিকদের সঙ্গে কাজ করবেন বলে জানিয়েছেন বাংলাদেশে ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লেট। মঙ্গলবার (২৮ জুলাই) নাটোর সফরে এসে তিনি এ কথা বলেন।
প্রথমবারের মতো নাটোর সফরে এসে জেলার দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখে মুগ্ধ হন ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লেট। আজ দুপুরে তিনি নাটোরের রানী ভবানী রাজবাড়ি, উত্তরা গণভবন ও হালতিবিল পরিদর্শন করেন। এ সময় রানী ভবানী রাজবাড়ির ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক নিদর্শনও ঘুরে দেখেন তিনি।
পরে উপস্থিত গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলার সময় জ্যঁ-মার্ক সেরে-শার্লেট তার অনুভূতির কথা জানান। রাষ্ট্রদূত বলেন, ফ্রান্সের প্রত্নতাত্ত্বিকদের সঙ্গে বাংলাদেশের প্রত্নতাত্ত্বিকদের অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে দুই দেশ একসঙ্গে কাজ করবে। তিনি বলেন, বাংলাদেশের প্রাচীন ঐতিহ্য সম্পর্কে ফ্রান্সের কাছে খুব বেশি তথ্য নেই। তাই এ বিষয়ে যৌথভাবে কাজ করার সুযোগ রয়েছে। পরিদর্শনের সময় ফ্রান্স দূতাবাসের কর্মকর্তারা এবং নাটোর জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সফর শেষে সদর উপজেলার সহকারী ভূমি কর্মকর্তা ফরহাদ হোসেন ফ্রান্সের রাষ্ট্রদূতের হাতে নাটোরের ইতিহাস ও ঐতিহ্যবিষয়ক একটি বই তুলে দেন।