চাঁদপুরের শাহরাস্তিতে জাল ভোটের চেষ্টায় বাবা-ছেলেসহ তিনজনকে ভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের বড়তুলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ও চিতোষী পশ্চিম ইউনিয়নের খেড়িহর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বড়তুলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেয়ার সময় একই গ্রামের মো. সাইফুল ইসলাম (৫৯) ও তার ছেলে মো. সাফায়েত হোসেনকে (২৭) আটক করেন ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. নাসরিন বানু সাফায়েত হোসেনকে ১ মাস ও সাইফুল ইসলামকে ১৫ দিনের কারাদণ্ড দেন।
এছাড়া খেড়িহর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেয়ার চেষ্টাকালে ওই গ্রামের মো সজিবকে ১৫ দিনের কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা।
সহকারী রিটার্নিং কর্মকর্তা নাজিয়া হোসেন জানান, জাল ভোট দেয়ার ঘটনায় তিনজনকে ভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে। বিশৃঙ্খলা সৃষ্টি করলে কাউকে ছাড় দেয়া হবে না।