পিরোজপুর প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নানা আয়োজনে বর্ষবরণ

সোমবার সকাল ১১টায় আনন্দ শোভাযাত্রা এবং পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পিবিপ্রবি) নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা নতুন বছরকে (১৪৩২ বঙ্গাব্দ) বরণ করা হয়েছে। এ উপলক্ষে আজ সোমবার (১৪ এপ্রিল) সকাল ১১টায় আনন্দ শোভাযাত্রা এবং পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন প্রাঙ্গণে আনন্দ শোভাযাত্রা উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম। তিনি বলেন, আজ পহেলা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ। দিনটি আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি ভালোবাসার দিন। আজ একটি নতুন দিনের, নতুন বছরের আগমন। এদিন আমরা নতুন করে স্বপ্ন দেখি, নতুন করে পথচলার প্রতিজ্ঞা করি। পুরনো দিনের সকল গ্লানি, মলিনতা ধুয়ে যাক এটাই আমাদের প্রত্যাশা।

পরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন প্রাঙ্গণ থেকে উপাচার্যের নেতৃত্বে আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের সিও অফিস মোড় প্রদক্ষিণ করে আবার ক্যাম্পাসে ফিরে আসে। এরপর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকসহ বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক, শিক্ষার্থী কর্মকর্তা ও কর্মচারীরা ছিলেন।

আরও