গাজীপুরে বাস-সিএনজি সংঘর্ষে মা-ছেলেসহ তিনজনের মৃত্যু

মঙ্গলবার (১৭ জুন) পৌনে তিনটার দিকে কাপাসিয়ার সদর ইউনিয়নের জামিরারচর এলাকার পল্লী বিদ্যুৎ সাব-স্টেশন নামক স্থানে গাজীপুর-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

গাজীপুরের কাপাসিয়ায় বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৭ জুন) পৌনে তিনটার দিকে কাপাসিয়ার সদর ইউনিয়নের জামিরারচর এলাকার পল্লী বিদ্যুৎ সাব-স্টেশন নামক স্থানে গাজীপুর-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন- কিশোরগঞ্জ জেলার ইটনা থানার কৃষ্টপুর গ্রামের আবুল কালামের ছেলে মো. তৌহিদুল্লাহ্ (২৫), একই থানার কমলবুক গ্রামের মো. তানভীরের স্ত্রী রত্না আক্তার (২৩) ও তাদের তিন বছর বয়সী ছেলে শায়ান।

মৃতদের স্বজন, স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে ঈদুল আজহার ছুটি শেষে তারা সিএনজি অটোরিকশা যোগে গাজীপুর-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়ক ধরে কর্মস্থলে ফিরছিলেন। কাপাসিয়ার সদর ইউনিয়নের জামিরারচর এলাকার পল্লী বিদ্যুৎ সাব-স্টেশন নামক স্থানে কিশোরগঞ্জগামী অনন্যা ক্ল্যাসিক পরিবহনের বাসের সঙ্গে সিএনজি অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিকশার যাত্রী মো. তৌহিদুল্লাহ (২৫), আবুল কালাম (৫৫), তার স্ত্রী মোছা. তাছলিমা (৪৫), মেয়ে সুবর্ণা (২০), রত্না আক্তার (২৪) ও তার তিন বছর বয়সী ছেলে শায়ান আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয়রা কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ভিকটিম তৌহিদুল্লাহ্ ও শিশু শায়ানকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

রত্না আক্তারকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মৃত্যুবরণ করেন। সিএনজি অটোরিকশার অন্যান্য যাত্রীরা কাপাসিয়া স্বাস্থ্য কমপেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। ঘটনার পরপরই বাসটি পালিয়ে যায়। মৃত রত্না আক্তার ও শায়ান সম্পর্কে মা ও ছেলে।

কাপাসিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. রবিউল ইসলাম জানান, কাপাসিয়ার জামিরারচর এলাকায় বাস-সিএনজির সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। অভিযুক্ত বাসটি আটক করা সম্ভব হয়নি। বাসটি আটকের চেষ্টা করা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরও