মেয়াদ শেষ হওয়ার পরও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছয়জন ডিন দায়িত্বে বহাল থাকার অভিযোগ তুলে তাদের অপসারণের দাবিতে ডিনস কমপ্লেক্সে তালা দিয়েছে শিক্ষার্থীরা। আজ রোববার (২১ ডিসেম্বর) বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। এতে কিছু সময়ের জন্য ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
তালা দিচ্ছেন শিক্ষার্থীরা
শিক্ষার্থীরা অভিযোগ করেন, আওয়ামীপন্থী ওই ছয়জন ডিন মেয়াদ শেষ হওয়ার পরও নিজ নিজ পদে থেকে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এ প্রতিবাদে তারা ডিনস কমপ্লেক্সে গিয়ে সংশ্লিষ্ট ডিনদের কার্যালয়ের দরজায় তালা ঝুলিয়ে দেন। এ সময় শিক্ষার্থীরা সেখানে জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দেন।
তালা দেওয়ার সময় রাকসুর সংস্কৃতি বিষয়ক সম্পাদক জায়িদ হাসান জোহা বলেন, শিক্ষার্থীরা চান না যেন আওয়ামীপন্থীরা আবার ক্যাম্পাসে প্রভাব বিস্তার করে। তিনি জানান, নৈতিকতার জায়গা থেকে মেয়াদ শেষ হওয়ার আগ পর্যন্ত তারা কোনো কর্মসূচিতে যাননি। তবে মেয়াদ শেষের পরও ডিনদের দায়িত্বে থাকাকে তিনি জুলাই আন্দোলনের চেতনার সঙ্গে সাংঘর্ষিক বলে উল্লেখ করেন।
রাবি সিনেট সদস্য আকিল বিন তালেব বলেন, জুলাইয়ের পর ক্যাম্পাসে পরিবর্তনের প্রত্যাশা থাকলেও বাস্তবে এর প্রতিফলন দেখা যায়নি। তিনি ক্যাম্পাসের নিরাপত্তা সংকট, প্রকাশ্যে হত্যাকাণ্ড এবং এসব ঘটনার সঙ্গে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সংশ্লিষ্টতার অভিযোগের কথা তুলে ধরেন।
তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয় সিনেট কার্যকর না হয়ে সিন্ডিকেটের মাধ্যমে পরিচালিত হচ্ছে এবং সেই সিন্ডিকেটের সদস্যরাই এখন ডিন হিসেবে দায়িত্বে আছেন। আর তারাই এখন দলীয় এজেন্ডা বাস্তবায়নে ভূমিকা রাখছেন।
প্রসঙ্গত, গত ১৭ ডিসেম্বর ওই ছয় ডিনের মেয়াদ শেষ হয়। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভর্তি পরীক্ষার কারণে ডিন নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেন। তিনি বলেন, আরো কিছুদিন দায়িত্বে রাখলেও সমস্যা হবে না। এ বক্তব্যের পর শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। এরই ধারাবাহিকতায় রাকসু সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আম্মার ডিনদের পদত্যাগের জন্য আলটিমেটাম দেন। পরে আজ শিক্ষার্থীরা তাদের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন।