বিএসআরইএ

নবায়নযোগ্য জ্বালানি খাতে বিদেশী বিনিয়োগ আশানুরূপ নয়

সংগঠনটি বলছে, ২০২৪ সালে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে ৩৭টি সৌরবিদ্যুৎ প্রকল্প বাতিল হওয়ায় বিনিয়োগকারীদের আস্থার সংকট তৈরি হয়েছে। এসব প্রকল্পে প্রায় ৩০ কোটি মার্কিন ডলার বিনিয়োগের সম্ভাবনা ছিল।

নবায়নযোগ্য জ্বালানি খাতে বিদেশী বিনিয়োগ প্রত্যাশিত মাত্রায় আসছে না বলে উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি সমিতি (বিএসআরইএ)। সংগঠনটি বলছে, ২০২৪ সালে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে ৩৭টি সৌরবিদ্যুৎ প্রকল্প বাতিল হওয়ায় বিনিয়োগকারীদের আস্থার সংকট তৈরি হয়েছে। এসব প্রকল্পে প্রায় ৩০ কোটি মার্কিন ডলার বিনিয়োগের সম্ভাবনা ছিল।

শনিবার (৫ জুলাই) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে নবায়নযোগ্য জ্বালানি খাতের উন্নয়নে ১১টি প্রস্তাব তুলে ধরেন সংগঠনের সভাপতি মোস্তফা আল মাহমুদ। এতে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মোহাম্মদ আতাউর রহমান সরকার, সিনিয়র সহ-সভাপতি জাহিদুল আলম, সহ-সভাপতি মো. আবু তাহের, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মো. রুহুল আমিন ও ফাইন্যান্স ডিরেক্টর নিতাই পদ সাহা।

মোস্তফা আল মাহমুদ বলেন, প্রকল্প বাতিলের সিদ্ধান্ত বিদেশী বিনিয়োগকারীদের নিরুৎসাহিত করেছে। এর প্রভাব নতুন প্রকল্পেও দেখা যাচ্ছে। সরকার ৫৫টি নতুন সৌরবিদ্যুৎ প্রকল্প গ্রহণ করলেও মাত্র একজন দরদাতা আগ্রহ দেখিয়েছেন। কিছু প্রকল্পে কেউই আগ্রহ দেখায়নি। তিনি বলেন, দেশে প্রাকৃতিক গ্যাস উত্তোলন প্রতি বছর গড়ে ২০০ এমএমসিএফ (মিলিয়ন মেট্রিক কিউবিক ফিট) হারে কমছে। ফলে জ্বালানি খাত দিন দিন আমদানিনির্ভর হয়ে পড়ছে। এই অবস্থায় নবায়নযোগ্য জ্বালানি খাতে মনোযোগ আরো বাড়াতে হবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সোলার প্যানেল ও যন্ত্রাংশ আমদানিতে কাস্টমস ওজনভিত্তিক মূল্যায়ন করে শুল্ক আরোপ করছে। পাশাপাশি পণ্যের দামে সাড়ে সাত শতাংশ ভ্যাট আরোপ করা হচ্ছে। এতে একই পণ্যে একাধিকবার কর বসছে। ফলে আমদানিকারকদের প্রকৃত মূল্যের চেয়ে কয়েক গুণ বেশি শুল্ক-কর দিতে হচ্ছে।

মোস্তফা আল মাহমুদ বলেন, দেশের সব ভবনের ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের জন্য উচ্চ আদালতের নির্দেশ থাকলেও তা বাস্তবায়নে কোনো রোডম্যাপ নেই। বিদ্যুৎ মন্ত্রণালয়ে নবায়নযোগ্য জ্বালানির জন্য আলাদা সেল গঠন প্রয়োজন।

সংগঠনের সাধারণ সম্পাদক আতাউর রহমান সরকার বলেন, সৌরবিদ্যুৎ উৎপাদনের খরচ সাধারণ বিদ্যুতের তুলনায় ১০-১৫ শতাংশ কম। অনেক পোশাক কারখানা এরই মধ্যে নিজেদের প্রয়োজন মেটাতে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়িয়েছে। নবায়নযোগ্য জ্বালানির অগ্রগতির জন্য তিনি স্বতন্ত্র রিনিউয়েবল এনার্জি ডিভিশন গঠনের দাবি জানান। তিনি বলেন, এতে এই খাতে জবাবদিহিতা আগের চেয়ে বাড়বে।

আরও