নাটোরে বসতবাড়িতে আগুন, প্রাণ গেল মা-মেয়ের

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

নাটোরের গুরুদাসপুরে বসতবাড়িতে অগ্নিকাণ্ডে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। এসময় দগ্ধ হয়েছে আরো একজন। গুরুতর অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালে নেয়া হয়েছে।

এছাড়া অগ্নিকাণ্ডে মুদি দোকানসহ ৫টি ঘর, আসবাবপত্র পুড়ে গেছে। আগুনে দগ্ধ হয়ে মারা গেছে ১২টি ছাগল।

রোববার রাতে গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা ইউনিয়নের ঝাউপাড়া বিন্নাবাড়ী এলাকায় স্থানীয় মোন্তার হোসেনের বসতবাড়ীতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুজ্জামান জানান, গত রাত চারটার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে গুরুদাসপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে পুড়ে মোন্তার হোসেনের পুত্রবধূ আতিয়া ও নাতনি রওজার মৃত্যু হয়েছে। গুরুতর দগ্ধ হয়ে চিকিৎসাধীন রয়েছেন মোন্তার হোসেনের স্ত্রী মর্জিনা বেগম। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এতে ১০ থেকে ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত পরিবারের।

আরও