বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদের জিয়াউর রহমান পুরস্কৃত করেছিলেন বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তিনি বলেন জিয়াউর রহমান বঙ্গবন্ধুর খুনিদের পুরস্কার হিসেবে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতসহ সরকারের বিভিন্ন গুরুত্বর্পূণ পদে চাকরি, কাউকে আবার সংসদ সদস্য হিসেবেও মনোনীত করেছিলেন। বঙ্গবন্ধু খুন হওয়ার পর সবচেয়ে বেশি লাভবান হনও তিনি। গত বুধবার রাতে মেহেরপুর জেলা প্রশাসন আয়োজিত মুজিব বর্ষে শতঘণ্টা মুজিবচর্চা জনতার বঙ্গবন্ধু শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠানে জুম কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মেহেরপুর জেলা প্রশাসক ড. মুনসুর আলম খানের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন সাবেক সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রী আসাদুজামান নূর। এ সময় বঙ্গবন্ধুর জীবনী এবং দেশে ও দেশের বাইরে বঙ্গবন্ধুর বিভিন্ন সাহসী ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর। জুম কনফারেন্সের মাধ্যমে আয়োজিত মুজিব বর্ষে শতঘণ্টায় মুজিবচর্চায় অংশগ্রহণ করেন মেহেরপুর-২ গাংনী আসনের সংসদ সদস্য সাহিদুজামান খোকন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক প্রমুখ।