বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কদের আটকের সিদ্ধান্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসভবনে অনুষ্ঠিত কোর কমিটির মিটিং থেকে নেয়া হয় বলে ট্রাইব্যুনালকে জানিয়েছেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
আজ (২ সেপ্টেম্বর) জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে সাক্ষ্য প্রদানকালে এ তথ্য জানান রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
তিনি বলেন, ‘আন্দোলনের বিষয়ে সরকারের সঙ্গে আপসের জন্য সমন্বয়কদের আটক করে মানসিক চাপ প্রয়োগ করার জন্যই এ সিদ্ধান্ত নিয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। শুধু সমন্বয়ক নয়, তাদের আত্মীয়স্বজনকেও আটক করে চাপ প্রয়োগের সিদ্ধান্ত নেয়া হয়। এরই অংশ হিসেবে তাদেরকে দিয়ে আন্দোলন প্রত্যাহার করার বিবৃতিও দেয়া হয়।'
এটি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত সিদ্ধান্ত উল্লেখ করে তিনি ট্রাইব্যুনালকে বলেন, ‘সমন্বয়কদের আটকের প্রস্তাব দেয় ডিজিএফআই। আমি এটিতে সম্মত হইনি। তবে, স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই আটকের নির্দেশ দেন।'