মাদারীপুর পৌর শহরের চরমুগুরিয়া এলাকায় মাদকসেবীদের আড্ডায় বাধা দেয়াকে কেন্দ্র করে একটি পাটের গোডাউন অফিসে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এতে অফিসের আসবাবপত্র, গুরুত্বপূর্ণ কাগজপত্র ও অন্যান্য মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০ লাখ টাকা বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় কিছু মাদকসেবীর আনাগোনা ছিল। তাদের কর্মকাণ্ডে বাধা দেয়ায় ক্ষুব্ধ হয়ে মাদকসেবীরা রোববার দিবাগত রাতে বিজেএমসির ভাড়া নেয়া একটি পাট গোডাউনের অফিস কক্ষে আগুন দেয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই অফিসের ভেতরে থাকা অধিকাংশ মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
ক্ষতিগ্রস্ত অফিসের মালিক লস্কর মোশতাক আহমেদ বলেন, ‘এলাকার মাদকসেবী সুমন সরদার (বেদে সম্প্রদায়) ও তার সহযোগীদের পাটের গোডাউন অফিসের পেছনের পরিত্যক্ত স্থানে মাদক সেবনে নিষেধ করা হয়েছিল। এতে তারা ক্ষিপ্ত হয়ে রাতে অফিসে আগুন দেয়। এ ঘটনায় আমাদের প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।’
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, আগুন লাগার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করা হচ্ছে।