ফেনীতে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা গত সাত মাসের তুলনায় আগস্টে উদ্বেগজনক হারে বাড়ছে। চলতি মাসের প্রথম ১৭ দিনেই জেলায় নতুন করে ৬৩ জনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় সাতজনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এর মধ্যে ফেনী সদর উপজেলায় পাঁচজন, সোনাগাজীতে একজন ও ছাগলনাইয়ায় একজন।
নতুন আক্রান্তদের মধ্য, বর্তমানে ফেনী জেনারেল হাসপাতালে ছয়জন, ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই এবং সোনাগাজীতে একজন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন।
কিন্তু জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত চিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন। ওই সাত মাসে মোট ১০১ জন আক্রান্ত হয়েছিলেন। অর্থাৎ চলতি বছরে শনাক্ত হওয়া মোট ১৬৪ জন রোগীর ৬২ শতাংশ শনাক্ত হয়েছেন কেবল আগস্টেরই প্রথম ১৭ দিনে।
স্বাস্থ্য বিভাগের তথ্যানুযায়ী, চলতি বছরের উপজেলাভিত্তিক ডেঙ্গু শনাক্তের ক্ষেত্রে ফেনী সদর উপজেলাই এগিয়ে রয়েছে। এ উপজেলায় এখন পর্যন্ত ৯৩ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। দাগনভূঞায় শনাক্ত হয়েছে ২৯ জনের, সোনাগাজীতে ১৯ , ছাগলনাইয়ায় ১০ , পরশুরামে ৮ এবং ফুলগাজীতে ৫ জনের। আক্রান্তদের মধ্যে অধিকাংশই চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
ফেনীর ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. এএসএম সোহরাব আল হোসাইন বলেছেন, সম্প্রতি এডিস মশার প্রজনন বেড়েছে। বাসাবাড়ির আশেপাশে জমে থাকা পানি দ্রুত ফেলে দিতে হবে এবং সবাইকে সচেতন হতে আহ্বান করেছেন তিনি।
এছাড়া জেলায় ডেঙ্গু পরীক্ষার কিটের কোনো সংকট নেই বলেও জানিয়েছে এ সিভিল সার্জন।