বেনাপোল স্থলবন্দর দিয়ে সপ্তাহে সাতদিন ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত যাতায়াত করা যাবে ভারতে। এ সময় ভ্রমণকারীদের লাগবে না কোনো এনওসি। শুধু করোনা নেগেটিভ সনদ থাকলেই যাওয়া যাবে ভারতে। করোনাভাইরাসের সংক্রমণের হার কমে আসায় ভারত ভ্রমণে শর্ত শিথিল করেছে বাংলাদেশ সরকার।
এর আগে সপ্তাহে রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার ফেরা যেত ভারত থেকে। ফেরার সময় নিতে হতো কলকাতায় নিযুক্ত বাংলাদেশ দূতাবাস থেকে এনওসি। সপ্তাহে দুদিন শনিবার ও রোববার দূতাবাস বন্ধ থাকায় এনওসি নিতে না পেরে আটকা পড়ত অনেক বাংলাদেশী।
গত রবি ও সোমবার এনওসি ছাড়া ভারত থেকে দেশে ফিরেছেন ৫০৬ জন বাংলদেশী। এছাড়া বেনাপোল বন্দর দিয়ে ভারতে গেছেন ৮৫৩ জন।
বেনাপোল ইমিগ্রেশনের ওসি আহসান হাবিব জানান, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যাত্রী যাতায়াতের নতুন নির্দেশনাপত্র তিনি হাতে পেয়েছেন। সে নির্দেশনা বাস্তবায়ন শুরু হয়েছে। ৭২ ঘণ্টার মধ্যে আরটি-পিসিআরের করোনা নেগেটিভ সনদ থাকলে ভারত গমন ও ভারত থেকে ফেরা যাচ্ছে। বর্তমানে মেডিকেল, বিজনেস ও স্টুডেন্ট ভিসায় যাত্রীরা যাতায়াত করছেন। ট্যুরিস্ট ভিসা এখন পর্যন্ত বন্ধ। শর্ত শিথিলে যাত্রী যাতায়াত বেড়েছে বলেও জানান তিনি।
বেনাপোল ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগের মেডিকেল অফিসার জাহিদুল ইসলাম বলেন, যারা ভারত থেকে ফিরেছেন সবাইকে নিজেদের বাড়িতে ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেয়া হয়েছে।