গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ইসির জনসংযোগ দফতরের পরিচালক রুহুল আমিন মল্লিক সই করা বিবৃতিতে এ ধন্যবাদ জানানো হয়।
এতে বলা হয়, নির্বাচনী প্রক্রিয়া সফল করতে সার্বিক সহযোগিতা প্রদানের জন্য সব রাজনৈতিক দল, প্রার্থী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নির্বাচনে দায়িত্ব পালনকারী সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, পর্যবেক্ষক, গণমাধ্যমকর্মী, ভোটারসহ দেশবাসীর প্রতি কমিশন কৃতজ্ঞ।
নির্বাচন কমিশন দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে আগামীকাল (শুক্রবার) বাদ জুমা দেশের সব মসজিদে বিশেষ দোয়া এবং অন্যান্য উপাসনালয়ে সুবিধাজনক সময়ে বিশেষ প্রার্থনা আয়োজনের অনুরোধ জানিয়েছে।