সাভারে আবারো বোমাসদৃশ প্রেসার কুকার, ঘিরে রেখেছে পুলিশ

একটি নীল রঙয়ের প্লাস্টিকের ড্রামের মধ্যে কাপড়চোপড়, কোরআন শরীফসহ প্রেসার কুকারটি দেখতে পান তারা। অজ্ঞাত ৩ জন ব্যক্তি প্লাস্টিকের ড্রামটি রাতে মসজিদের মাঠে রেখে দেয় বলেও জানা গেছে। পরে সকালে বিষয়টি অবহিত করলে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।

সাভারের একটি খোলা মাঠে কালো টেপ প্যাঁচানো একটি প্রেসার কুকারের সন্ধান পেয়েছেন স্থানীয়রা। আজ বুধবার সকালে ভবানীপুর পুলিশ ক্যাম্পের অন্তর্গত সাধাপুর গোপের বাড়ী লালটেক ঘোড়া মসজিদের মাঠে এটি পাওয়া যায়। খবর ঘটনাস্থলে এসে বোমাসদৃশ প্রেসার কুকারটি পাওয়ার পর পুরো মাঠ ঘিরে রেখেছে পুলিশ।

স্থানীয়রা জানান, একটি নীল রঙয়ের প্লাস্টিকের ড্রামের মধ্যে কাপড়চোপড়, কোরআন শরীফসহ প্রেসার কুকারটি দেখতে পান তারা। অজ্ঞাত ৩ জন ব্যক্তি প্লাস্টিকের ড্রামটি রাতে মসজিদের মাঠে রেখে দেয় বলেও জানা গেছে। পরে সকালে বিষয়টি অবহিত করলে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।

ভবানীপুর ফাঁড়ির ইনচার্জ ইমরান হোসেন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি এবং লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে দিয়েছি। এরই মধ্যে বোমা ডিসপোজাল ইউনিটকে খবর দিয়েছি, তারা ঘটনাস্থলে আসছেন।

সাভার মডেল থানার ওসি সাইফুল ইসলাম বলেন, বিষয়টি সকালে শুনেছি। ঘটনাস্থলে আমাদের সাভার মডেল থানা পুলিশ আছে। আমার ধারণা, জনমনে আতংক সৃষ্টি করতে এ ঘটনা ঘটিয়েছে দুষ্কৃতিকারীরা। তিনি আরো বলেন, বিষয়টি নিয়ে তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে এবং জড়িতদের গ্রেফতার করা হবে ।

এর আগে গত ৩১ জুলাই সাভারের পার্শ্ববর্তী আশুলিয়ায় একটি মুদিদোকানের সামনের বেঞ্চে ফেলে রাখা একটি ব্যাগের ভেতরে বোমাসদৃশ প্রেশার কুকার পাওয়া যায়। ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট এসে সেটি নিষ্ক্রিয় করে।

আরও