তিন দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার (২৬ আগস্ট) সাবেক শিক্ষার্থী প্রকৌশলী রোকনুজ্জামান রোকনকে হত্যার হুমকির প্রতিবাদ ও ‘ব্লকেড অব ইঞ্জিনিয়ার্স’ কর্মসূচির অংশ হিসেবে দুপুর সাড়ে ৩টার পর শাহবাগ মোড় অবরোধ করে তারা। এতে ওই সড়ক দিয়ে যানচলাচল বন্ধ হয়ে যায়। আশপাশের সড়কগুলোতেও ছড়িয়ে পড়ে যানজট।
এর আগে গতকাল সোমবার তিন দাবিতে ‘ব্লকেড অব ইঞ্জিনিয়ার্স’ কর্মসূচি ঘোষণা করা হয়। সে অনুযায়ী আজ বিকাল সাড়ে ৩টার দিকে শাহবাগ মোড় অবরোধ করেন বুয়েট শিক্ষার্থীরা। এ সময় তাদের ‘চাকরি চাকরি পরে কর, ইঞ্জিনিয়ার বানান কর’, ‘ব্লকেড ব্লকেড, শাহবাগ ব্লকেড’, ‘কোটা না মেধা, মেধা মেধা’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
শিক্ষার্থীদের দাবিগুলো হলো, এক, ইঞ্জিনিয়ারিং ৯ম গ্রেড বা সহকারী প্রকৌশলী বা সমমান পদে প্রবেশের জন্য সবাইকে নিয়োগ পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে এবং ন্যূনতম বিএসসি ডিগ্রিধারী হতে হবে। কোটার মাধ্যমে কোনো পদোন্নতি নয়, এমনকি অন্য নামে সমমান পদ তৈরি করেও পদোন্নতি দেয়া যাবে না। দুই, টেকনিক্যাল ১০ম গ্রেড বা উপ-সহকারী প্রকৌশলী বা সমমান পদের নিয়োগ পরীক্ষা ডিপ্লোমা ও বিএসসি ডিগ্রিধারী উভয়ের জন্য উন্মুক্ত করতে হবে, এবং তিন, ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি ব্যতীত প্রকৌশলী পদবি ব্যবহারকারীদের বিষয়ে যথাযথ আইনি পদক্ষেপ নিতে হবে। নন-অ্যাক্রিডেট বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্সগুলোকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে আইইবি-বিএইটিই অ্যাক্রিডেশনের আওতায় আনতে হবে।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বিকালে গণমাধ্যমকে জানান, তিন দফা দাবিতে শিক্ষার্থীরা শাহবাগ অবরোধ করেছে। ওই এলাকায় যানচলাচল বন্ধ রয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে।