নওগাঁর পোরশায় কবরস্থান থেকে ১৩৭ কেজি ওজনের একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার নিতপুর ইউনিয়নের শীতলী গ্রামের কবরস্থান থেকে মূর্তিটি উদ্ধার করে পোরশা থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে শীতলী গ্রামের রহমতের বাড়ির পশ্চিম পাশের পারিবারিক কবরস্থানে একটি মূল্যবান কষ্টিপাথরের মূর্তি পড়ে রয়েছে। খবর পেয়ে সেখানে অভিযান পরিচালনা করে পুলিশ। সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় মূর্তিটি উদ্ধার করা হয়। এর উচ্চতা ৫৬ ইঞ্চি এবং ওজন ১৩৭ কেজি।
নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, কষ্টিপাথরের মূর্তিটি প্রায় হাজার বছরের পুরনো বলে ধারণা করছি। এটি আমাদের গুরুত্বপূর্ণ মূল্যবান প্রত্নতাত্ত্বিক সম্পদ। উদ্ধার মূর্তিটির বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।