আগামী ৫ ফেব্রুয়ারি আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নতুন ১২ তলা ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এদিন তিনি দেশে প্রথবারের মত আয়োজিত রাজস্ব সম্মেলনেরও উদ্বোধন করবেন। এ লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে এনবিআরকে নির্দেশনা দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। আজ রোববার (২৯ জানুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ড সূত্রে এ তথ্য জানা যায়।
এদিকে এনবিআরের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে নবনির্মিত রাজস্ব ভবন বুঝে নিয়েছে সংস্থাটি। এনবিআরের জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এ মু’মেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্যবৃন্দ, প্রকল্প পরিচালক ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ। এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোহাম্মদ শামীম আখতার, স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতি মীর মঞ্জুরুর রহমান সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত নতুন ভবন নির্মাণে ৪১২ কোটি টাকা ব্যয় হয়েছে বলে এনবিআর সূত্রে জানা যায়। নতুন ভবনে এরই মধ্যে বৃহত্তর করদাতা ইউনিট (ভ্যাট) ও এনবিবারের আয়কর বিভাগ স্থানান্তরিত হওয়া শুরু করেছে। এছাড়া ট্যাক্স আপীলাত ট্রাইব্যুনাল ১লা জানুয়ারি থেকে সেখানে অফিস করছে। উদ্বোধনী অনুষ্ঠানের পর ৬ ফেব্রুয়ারি থেকে এনবিআর চেয়ারম্যান সেখানে অফিস করবে বলে জাতীয় রাজস্ব বোর্ড সূত্রে জানা যায়। তবে এনবিআরের অন্যান্য দপ্তরের স্থানান্তর কার্যক্রম শেষ করতে ফেব্রুয়ারি মাঝামাঝি সময় লেগে যাবে এবং পুরোদমে নতুন ভবনে অফিস কার্যক্রম শুরু হবে মার্চের প্রথম দিকে বলে জানা যায়।
এছাড়া প্রথমবারের মত রাজস্ব সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে এনবিআর। নবনির্মিত ভবন উদ্বোধনের দিন প্রধানমন্ত্রী এই সম্মেলনেরও উদ্বোধন করবেন (৫ ফেব্রুয়ারি)। এতে আয়কর ও কাস্টমস ক্যাডারের কর্মকর্তারা অংশ নেবেন এবং মাঠ পর্যায়ে রাজস্ব আদায়ের প্রতিবন্ধকতা তুলে ধরবেন। পরে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) রাজস্ব সম্মেলন হবে। উদ্বোধনের পর সবার জন্য সম্মেলনস্থল উন্মুক্ত করে দেয়া হবে। উদ্বোধনের দিন দুপুরে হবে ভ্যাট বিষয়ক সেমিনার।
এছাড়া দ্বিতীয় দিন সকালে আয়কর বিষয়ক এবং বিকালে কাস্টমস বিষয়ক সেমিনারের আয়োজন করা হয়েছে। এ সম্মেলনে ভ্যাট, কাস্টমস, আয়কর অনুবিভাগের আলাদা বুথ থাকবে। এসব বুথে অংশগ্রহণকারীরা তাদের ব্যবসা সংক্রান্ত যাবতীয় সমস্যার কথা জানাতে পারবেন।