উপকূলীয় এলাকা এবং চরাঞ্চলের মানুষের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের জন্য 'জীবন খেয়া' নামক ভাসমান হাসপাতাল চালু হল। আজ মঙ্গলবার দুপরে খুলনার দাকোপ উপজেলার বানীশান্ত পল্লীতে চিকিৎসা প্রদানের মাধ্যমে এ হাসপাতালের যাত্রা শুরু হয়।
স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশন এবং বাংলাদেশ কোস্ট গার্ডের যৌথ উদ্যোগে এ ভাসমান হাসপাতাল চালু করা হয়েছে।
বিদ্যানন্দ ফাউন্ডেশন মেডিকেল টিম প্রধান ডা. হোসাইন করিম জানান, হাসপাতালটি চালু হয়েছে ৮ জন মেডিসিন চিকিৎসক নিয়ে। এছাড়াও টিমে ২ জন দন্ত এবং ২ জন চক্ষু বিশেষজ্ঞ নিয়ে এই ভাসমান হাসপাতালটি আগামী দুই মাস খুলনা, বরিশাল, চাদপুর, মুন্সীগঞ্জ, লক্ষীপুর হয়ে নোয়াখালীর বিশটি স্পটে ক্যাম্প করে চিকিৎসা সেবা প্রদান করবে।
ডা. হোসাইন করিম আরও জানান, উদ্বোধনী দিনে বানীশান্তা পল্লীতে তারা ব্যাপক সাড়া পেয়েছেন। চিকিৎসা সেবার পাশাপাশি তারা বিনামূল্যে ওষুধ প্রদান, ত্রাণ বিতরণ কার্যক্রমও চালাবেন।