দেশে মবজাস্টিস রুখতে অন্তর্বর্তী সরকার চুপকেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শনিবার (৮ মার্চ) সকালে রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহিলা দলের র্যালিপূর্ব সমাবেশে বক্তব্য দেয়ার সময় তিনি এ প্রশ্ন তোলেন। বেগুনি রঙে শাড়ি পরে দলের শতাধিক নেতাকর্মী সমাবেশে অংশ নেন।
সেলিমা রহমান বলেন, '৫ আগস্টের বিপ্লবে আমাদের যে তরুণ সমাজ তাদের বুকের রক্ত দিয়ে এই যে স্বাধীনতা এনেছে, যেখানে ফ্যাসিস্ট সরকার পদত্যাগ করে চলে যেতে বাধ্য হয়েছে, সেখানে কেন এখনও নারী ধর্ষণের শিকার হচ্ছে? বাসে-পথে-ঘাটে নারীকে হেনস্তা করা হচ্ছে। মাগুরার কাহিনী দেখেন, একের পর এক ঘটনা ঘটে চলেছে।'
তিনি বলেন, 'এখানে মনে হয় কোনো একটা গোষ্ঠী বলছে মবজাস্টিস… কিসের মবজাস্টিস? মিডিয়াতে জানিয়ে, মাইকিং করে মবজাস্টি... কারা এটা করছে? সরকার কেন চুপ? সরকার কেন কথা বলছে না? আমরা ড. মুহাম্মদ ইউনুসের কাছে আশা করেছিলাম যারা বিভিন্ন অস্থিতিশীলতা তৈরি করছে, দেশকে আজ ভিন্নপথে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, তাদের ওপর কঠিন হবেন। কঠোর হস্তে তাদের শাস্তি দেবেন।'
সরকারের উদ্দেশ্যে বিএনপির এ নেতা বলেন, 'সমাজে যে অস্থিরতা-অস্থিতিশীলতা, যে মবজাস্টিস, নারী ধর্ষণ.. এটা যদি বন্ধ করতে না পারেন তাহলে বাংলাদেশের জনগণ যে স্বপ্ন নিয়ে ফ্যাসিবাদ মুক্ত করেছিলো, সেই স্বপ্ন পূরণ হবে না।'