নওগাঁয় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

নিহত তন্ময় হোসেন জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার মানিকপুর গ্রামের শাহাদাত হোসেন জোনাকির ছেলে।

নওগাঁর মহাদেবপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় তন্ময় হোসেন (২৩) নামে এক মোটরসাইকেল আরোহী যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (৭ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের চৌমাশিয়া মোড়ের পূর্ব পাশে ওহাব চাউল কলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তন্ময় হোসেন জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার মানিকপুর গ্রামের শাহাদাত হোসেন জোনাকির ছেলে।

নিহতের পরিবার ও থানা সূত্রে জানা গেছে, পরিবারের অমতে তন্ময় হোসেন বিয়ে করেছিলেন। এ কারণে পরিবারের সঙ্গে তার সম্পর্কের অবনতি হয়। পরে তিনি স্ত্রীকে নিয়ে এলাকা ছেড়ে নওগাঁর মহাদেবপুর উপজেলার বাগাচারা খোড়াতলি মোড়ে একটি ভাড়া বাসায় বসবাস শুরু করেন। সেখানে থেকে তিনি বিদ্যুৎ মিস্ত্রি হিসেবে কাজ করতেন।

শনিবার সকালে প্রতিদিনের মতো মোটরসাইকেল নিয়ে কাজে বের হন তন্ময়। এ সময় নওগাঁ থেকে আসা বিআর পরিবহনের একটি যাত্রীবাহী বাস তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে সেখানকার ফাঁড়ির পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরও