গতকাল বিকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়।
সংবাদ সম্মেলনে পুরকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী হাসানুর রহমান বলেন, ‘কমপ্লিট শাটডাউন কর্মসূচির আওতায় বিশ্ববিদ্যালয়ের সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে।’ তিনি জানান, বৃহস্পতিবার থেকে ঈদের ছুটি শুরু হলেও আন্দোলনকারীরা তাদের কর্মসূচি চালিয়ে যাবেন।
এর আগে নতুন উপাচার্যের নিয়োগ বাতিলের দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো ব্লকেড কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয়া হয়। তবে ছোট গেট দিয়ে জরুরি প্রয়োজনে কর্মকর্তা-কর্মচারীদের যাতায়াত করতে দেখা গেছে।
গত বৃহস্পতিবার সরকার মোহাম্মদ ইকবালকে ডুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে। এর পর থেকেই শিক্ষার্থীদের একটি অংশ এ নিয়োগের বিরোধিতা করে আন্দোলনে নামেন। আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, ডুয়েট একটি বিশেষায়িত প্রকৌশল বিশ্ববিদ্যালয়। তাই বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক বাস্তবতা বিবেচনায় এখানকার শিক্ষকদের মধ্য থেকেই উপাচার্য নিয়োগ দেয়া উচিত। এ ঘটনায় সোমবার বিকালে গাজীপুর সদর থানা-পুলিশ একটি মামলা করে। মামলায় অজ্ঞাতনামা ২০০-২৫০ জনকে আসামি করা হয়েছে। তবে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি।