রাজবাড়ীর পদ্মা নদীতে জেলেদের জালে ধরা পড়া একটি বাগাইড় ও দুটি পাঙ্গাস মাছ ৯৭ হাজার ৩৫০ টাকায় বিক্রি হয়েছে। এর মধ্যে বাগাইড় মাছটির ওজন ২৩ কেজি। দুটি পাঙ্গাসের ওজন যথাক্রমে ২০ ও ১৯ কেজি।
গতকাল সোমবার দিবাগত রাতে ও মঙ্গলবার ভোরে দৌলতদিয়া ফেরিঘাটসংলগ্ন পদ্মা-যমুনার মোহনায় জেলে মোহাম্মদ হলদার ও নিরঞ্জন হলদারের জালে মাছগুলো ধরা পড়ে।
স্থানীয় মাছ ব্যবসায়ীরা জানান, রাতে দল নিয়ে নদীতে মাছ শিকারে যান ওই দুই জেলে। নদীর বিভিন্ন স্থানে জাল ফেলার পর একটি বাগাইড় ও দুটি বড় পাঙ্গাস তাদের জালে উঠে আসে। পরে সকালে মাছগুলো দৌলতদিয়া মৎস্য আড়তে এনে ওজন করা হলে বাগাইড়টির ওজন ২৩ কেজি এবং পাঙ্গাস দুটির ওজন যথাক্রমে ২০ ও ১৯ কেজি পাওয়া যায়।
পরে নিলামে স্থানীয় মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ ও চান্দু মোল্লা মাছ তিনটি কিনে নেন। পরবর্তীতে মাছগুলো মোট ৯৭ হাজার ৩৫০ টাকায় বিক্রি করা হয়।