পটুয়াখালীর কুয়াকাটার একটি আবাসিক হোটেল থেকে ফাহিমা আক্তার নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের আলীশান নামের একটি আবাসিক হোটেলে এ ঘটনা ঘটে।
হোটেল সূত্রে জানা যায়, নিহত নারী পর্যটকের নাম ফাহিমা আক্তার। ঠিকানা পটুয়াখালী কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২ ডিসেম্বর আরিফ হোসেন ও ফাহিমা আক্তার ভ্রমণের উদ্দেশ্যে হোটেল আলীশানের ১০৫ নম্বর কক্ষটি ভাড়া নেয়। দীর্ঘদিন সেখানে অবস্থানের পরে বুধবার রাতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে মহিপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত চলছে।
এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহব্বত খান বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেয়া হবে।