মেহেরপুরে ইয়াবাসহ এক কারারক্ষীকে আটক করা হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় শহরের খন্দকারপাড়ায় জেলা কারাগারের পাশে অভিযান চালিয়ে ৬৫ পিস ইয়াবাসহ তাকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটককৃতের নাম আব্দুল আলিম বিশ্বাস। তিনি কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলা হাসপাতালপাড়ার তজির উদ্দিন বিশ্বাসের ছেলে ও মেহেরপুর জেলা কারাগারে কারারক্ষী হিসেবে কর্মরত ছিলেন।
ডিবি পুলিশ জানায়, গত মঙ্গলবার সন্ধ্যায় ডিবির ওসি জুলফিকার আলীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ডিবি পুলিশের এসআই অজয় কুমার কুণ্ডু, এএসআই জসিম, মাহাতাব উপস্থিত ছিলেন।
ওসি জুলফিকার আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর খন্দকারপাড়ায় ইয়াসিন আলীর মালিকানাধীন একটি বাড়ি থেকে ৬৫ পিস ইয়াবাসহ আব্দুল আলিম বিশ্বাস নামের এক কারারক্ষীকে আটক করা হয়। আটক আব্দুল আলিম বিশ্বাস ওই বাড়িতে ভাড়ায় থাকেন। তিনি মেহেরপুর জেলা কারাগারের কারারক্ষী হিসেবে কর্মরত আছেন।
ওসি আরো জানান, আব্দুল আলিম বিশ্বাস এর আগেও নড়াইলে কারারক্ষীর দায়িত্ব পালন করার সময় দায়িত্বে অবহেলার কারণে সাত মাস সাময়িক বরখাস্ত ছিলেন। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।
মেহেরপুর জেলা কারাগারের জেলার শরিফুল আলম জানান, অভিযুক্ত কারারক্ষীকে বহিষ্কার করা হবে। এছাড়া তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে।