আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে পর্যবেক্ষক মহলের সঙ্গে বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এ সংলাপ শুরু হয়েছে।
ইসি সূত্রে জানা গিয়েছে, সভায় ৩২টি পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে। যদিও নির্বাচন কমিশনে ১১৮টি সংস্থা নিবন্ধিত রয়েছে। আগামী নির্বাচন সামনে রেখে ধারাবাহিক সংলাপের অংশ হিসাবে আজ এ সংলাপ অনুষ্ঠিত হচ্ছে। আগামী ১২ জুন সাবেক নির্বাচন কমিশনার ও নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে সংলাপ হওয়ার কথা রয়েছে। এছাড়া রাজনৈতিক দলের সঙ্গে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নিয়ে সংলাপে বসার কথা রয়েছে।
এরই মধ্যে গত ১৩ ও ২২ মার্চ এবং ৬ ও ১৮ এপ্রিল যথাক্রমে দেশের বিশিষ্ট শিক্ষাবিদ ও বুদ্ধিজীবী, নাগরিক সমাজ, প্রিন্ট মিডিয়ার সম্পাদক-সিনিয়র সাংবাদিক এবং ইলেকট্রনিক মিডিয়ার প্রধান নির্বাহী-প্রধান বার্তা সম্পাদক-সিনিয়র সাংবাদিকদের সঙ্গে সংলাপ করেছে ইসি। ঈদের বিরতি শেষে এবার নির্বাচন পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বসছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। আজকের সংলাপে ইসির নিবন্ধনে থাকা ১১৮টি নির্বাচন পর্যবেক্ষক সংস্থার মধ্যে থেকে ৩২টি সংস্থার প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়েছে।