চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে কুয়েট শিক্ষার্থীর মৃত্যু

জয়পুরহাটে চলন্ত ট্রেন থেকে নামার সময় বগির নিচে পড়ে মারা গেছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থী রাহুল ইসলাম (২৩)। আজ শুক্রবার জয়পুরহাট রেল স্টেশনে ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে

জয়পুরহাটে চলন্ত ট্রেন থেকে নামার সময় বগির নিচে পড়ে নিহত হয়েছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থী রাহুল ইসলাম (২৩)। আজ শুক্রবার জয়পুরহাট রেল স্টেশনে ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাহুল কুয়েটের লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি বগুড়ার শিবগঞ্জ পৌরসভার কালীপাড়া গ্রামে।

রেলওয়ে থানার পুলিশ ও স্টেশন সূত্রে জানা গেছে, রাহুল সীমান্ত এক্সপ্রেস ট্রেনে করে খুলনা থেকে জয়পুরহাট পর্যন্ত আসেন। সেখানে যাত্রী ওঠানামা করলেও তিনি যথাসময়ে নামতে পারেননি। পরে ট্রেন ছেড়ে দিলে তিনি তাড়াহুড়া করে নামতে যান। এ সময় পা হড়কে ট্রেনের নিচে পড়ে যান রাহুল।

পরে ট্রেনটি প্ল্যাটফর্ম অতিক্রম করলে লোকজন রাহুলের মরদেহ দেখতে পায়। তার সঙ্গে একটি ব্যাগ ও মোবাইল ফোন ছিল। ব্যাগে থাকা পরিচয়পত্র ও ফোনের মাধ্যমে তার পরিচয় নিশ্চিত হয়ে পরিবারকে জানানো হয়। পরে পরিবার মরদেহটি রাহুলের বলে শনাক্ত করেন।

নিহত রাহুলের চাচা জানান, রাহুলের আর কোনো ভাই-বোন নেই। তার বাবা আগেই মারা গিয়েছেন। শুধু মা ছিলেন, এখন তিনিও একা হয়ে গেলেন।

সান্তাহার রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তার হোসেন বলেন, খবরটি তিনি শুনেছেন। এ ঘটনায় পুলিশি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও