সুন্দরবনে হরিণ শিকারীদের হামলায় বন কর্মকর্তা আহত, আটক ৩

আটকরা হলেন, বাগেরহাট সদর উপজেলার সুগন্ধি গ্রামের রাফি হাসান (২৬), রামপাল উপজেলার সোনাতুনিয়া গ্রামের শহিদ মল্লিক (২৮) ও একই উপজেলার ঝালবাড়ি গ্রামের আল আমিন আকুঞ্জি (২৭)।

সুন্দরবনে হরিণ শিকারীদের হামলায় সহকারী বন সংরক্ষক (এসিএফ) রানা দেব আহত হয়েছেন। সোমবার (৩ নভেম্বর) দুপুরে সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের ডিমেরচর এলাকায় এ ঘটনা ঘটে। পরবর্তীতে এ ঘটনায় তিন শিকারিকে আটক করেছে বনরক্ষী ও পুলিশ সদস্যরা।

আটকরা হলেন, বাগেরহাট সদর উপজেলার সুগন্ধি গ্রামের রাফি হাসান (২৬), রামপাল উপজেলার সোনাতুনিয়া গ্রামের শহিদ মল্লিক (২৮) ও একই উপজেলার ঝালবাড়ি গ্রামের আল আমিন আকুঞ্জি (২৭)।

আহত রানা দেব জানান, বন্য প্রাণী রক্ষা ও হরিণ শিকার রোধে বনরক্ষীদের সঙ্গে ডিমেরচর এলাকায় বনের ভেতরে টহল দিচ্ছিলেন। এ সময় বনের মধ্যে হরিণ ধরার জন্য পেতে রাখা একাধিক ফাঁদ দেখতে পান। সন্দেহ হলে তল্লাশি চালিয়ে চার থেকে পাঁচ শিকারীকে দেখতে পান তারা। এক পর্যায়ে (রানা দেব) নিজে দৌড়ে গিয়ে একজনকে ধরে ফেললে বাকি শিকারীরা এসে তাকে বেধড়ক মারধর করে আটক শিকারীকে ছিনিয়ে নিয়ে যায়। পরে বনরক্ষীরা ঘটনাস্থল থেকে ১৮টি হাঁটা ফাঁদ জব্দ করেন। আহত রানা দেবকে তাৎক্ষণিকভাবে দুবলারচরের অস্থায়ী স্বাস্থ্যসেবা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। হামলার পরপরই বনরক্ষীরা অভিযান চালিয়ে তিন শিকারীকে আটক করেন।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল্লাহ জানান, হরিণ শিকারিদের আক্রমনে এক বন কর্মকর্তা আহত হয়েছেন। হামলাকারীদের তিনজনকে আটক করা হয়েছে। বন বিভাগের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোন কিছু জানায়নি। তারা অভিযোগ দিলে এবং আসামীদের হস্তান্তর করলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে।

আরও