কুমিল্লার নাঙ্গলকোটে পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষ চলাকালে গুলি করে ও কুপিয়ে দুজনকে হত্যা করা হয়েছে। আহত হয়েছেন ১০-১৫ জন। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের আলীয়ারা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন আলীয়ারা গ্রামের দেলোয়ার হোসেন নয়ন ও মো. আব্দুর রাজ্জাক।
স্থানীয়রা জানায়, একই এলাকার আবুল খায়ের মেম্বার গ্রুপ ও সালেহ আহম্মদ মেম্বার গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে। তাদের মধ্যে এর আগেও কয়েকবার সংঘর্ষ হয়েছে। গত বছরের জুনে দুই গ্রুপের মধ্যে কয়েক দফা সংঘর্ষ হয়। এতে প্রায় অর্ধশত বাড়িঘর জ্বালিয়ে দেয়া হয়। সর্বশেষ গত বছরের ৩ আগস্ট আলাউদ্দিন মেম্বারকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়। এ ঘটনার পর সালেহ আহমেদ গ্রুপের লোকজন দীর্ঘদিন এলাকা ছেড়ে বাইরে অবস্থান করেন। ৩ জানুয়ারি সালেহ আহমেদ মেম্বার গ্রুপের লোকজন এলাকায় প্রবেশের চেষ্টা করলে আলাউদ্দিন মেম্বার গ্রুপ বাধা দেয়। গতকাল দুই গ্রুপের লোকজন আবারো সংঘর্ষে জড়িয়ে পড়ে।
নিহত দেলোয়ার হোসেনের বোন হাজেরা আক্তার রিংকি জানান, তাদের বাড়িঘর সব জ্বালিয়ে দেয়া হয়েছে অনেক আগেই। তার পরও তারা বাড়িতে গিয়ে তাঁবু টানিয়ে থাকতে শুরু করেন। গতকাল সকালে আলাউদ্দিন মেম্বারের ছেলে রাজিমসহ দুই শতাধিক লোক তাদের ওপর হামলা চালায়। এতে তার ভাই নয়ন ও চাচা সালেহ আহমেদ গুলিবিদ্ধ হন। মৃত্যু নিশ্চিত করতে তাদের হাত ও পায়ের রগ কেটে দেয়া হয়।
নাঙ্গলকোট থানার ওসি আরিফুর রহমান জানান, নয়ন ও আব্দুর রাজ্জাককে গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। দুই গ্রুপের এ বিরোধ দীর্ঘদিনের। নতুন করে সংঘর্ষের আশঙ্কায় এলাকায় পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।