গাইবান্ধায় আন্তঃনগর বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের দুইটি বগির হুক ছিঁড়ে ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বামনডাঙ্গা রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বামনডাঙ্গা রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি বামনডাঙ্গা স্টেশনে যাত্রা বিরতি দেয়। সেখান থেকে ট্রেন ছাড়ার সময় হঠাৎ ক-খ এবং ট-ঠ বগির সংযোগস্থলের হুক ছিঁড়ে যায়। এতে ট্রেন থেমে গেলে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন।
এ ঘটনার পর করতোয়া এক্সপ্রেস থেকে নতুন হুক এনে মেরামত করে প্রায় এক ঘণ্টা পর ট্রেনটি স্টেশন ছেড়ে যায়।
বামনডাঙ্গা রেলওয়ে স্টেশন মাস্টার হাউয়ুল মিয়া বলেন, এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। করতোয়া এক্সপ্রেস থেকে নতুন হুক এনে মেরামতের কাজ শেষ করে যাত্রীদের নিরাপদে নিয়ে ট্রেনটি স্টেশন ছেড়ে গেছে।