আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে কাউকে বা কোনো রাজনৈতিক দলকে ছিনিমিনি খেলতে দেয়া হবে না। বাংলাদেশের ভূখণ্ডে কেউ অপরাধ করলে দেশের প্রচলিত আইনে তার বিচার হবে। কেউ আইনের ঊর্ধ্বে নয়।’ গতকাল ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার আকছিনা বাজার মাঠে এক জনসভায় মন্ত্রী এসব কথা বলেন।
নিজ নির্বাচনী এলাকার ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করবেন। আপনাদের প্রতিনিধি ভবিষ্যৎ দেখাবে।’ বিএনপি-জামায়াত নির্বাচন ভন্ডুল করার জন্য সারা বিশ্বে টাকা ছড়াচ্ছে এবং দেশের বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে—এমন মন্তব্য করে আইনমন্ত্রী বলেন, ‘যখনই ভোট হয় তখনই বিএনপি-জামায়াত বলে আমরা ভোট করব না। কারণ বিএনপি-জামায়াত বাংলাদেশের উন্নয়ন চায় না। দেশের মানুষ সুখে-শান্তিতে থাকুক সেটা চায় না।’
এ সময় মন্ত্রীর সঙ্গে কসবা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাশেদুল কাওসার ভূঁইয়া ও কসবা পৌরসভার মেয়র গোলাম হাক্কানিসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।