রাজধানীর বিমানবন্দর ও কমলাপুর রেল স্টেশনে অভিযান চালিয়ে ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের মূলহোতাসহ ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১২টি মোবাইল ফোন এবং নগদ ৩ লাখ ৩ হাজার ৪২ টাকা উদ্ধার করা হয়। মঙ্গলবার (২৫ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র্যাব-১।
এতে বলা হয়, ঈদ উপলক্ষে ট্রেনের টিকিট ছাড়ার সঙ্গে সঙ্গে তা শেষ হয়ে যাচ্ছে বলে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে বিমানবন্দর এলাকায় কৌশলগত ফাঁদ পাতে র্যাব-১। এতে অনলাইন টিকিটের প্রিন্টেড কপিসহ ধরা পড়েন উত্তম চন্দ্র দাস। পরে তার দেয়া তথ্যে কাওলা থেকে হাবীব আহমেদ, ফারুক, জুবায়েরকে তিনটি অনলাইন টিকিটের প্রিন্টেড কপিসহ আটক করা হয়।
উত্তম চন্দ্র দাস জানান, তিনি প্রতিবছর ঈদ মৌসুমে ৫০০-৭০০ রেলওয়ে টিকিট অবৈধ উপায়ে কেনা-বেচা করেন। এভাবে প্রতি মৌসুমে ৩ থেকে ৪ লাখ টাকার আয় করতেন। তার বিরুদ্ধে এখন পর্যন্ত ৪টি মামলার খোঁজ পাওয়া গেছে।
র্যাবের হাতে আটকদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যে একে একে বিমানবন্দর রেলওয়ে স্টেশন এলাকা থেকে সোহেল রানা, কমলাপুর রেলওয়ে স্টেশন এলাকা থেকে আব্দুল্লাহ আল মুমিন ও প্রকাশ চন্দ্র রায়কে আটক করা হয়। পাশাপাশি তাদের দেয়া তথ্যে তাদের অন্যতম গ্রাহক কামরুজ্জামানকে আটক করা হয়।