দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৮ শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ঢাকা বিভাগে ৬ জন, সিলেট ও বরিশালে একজন করে মারা গেছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারো মৃত্যু হয়নি। এ নিয়ে হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬৩৯।
আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। এ হিসাব মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত।
বুলেটিনে বলা হয়েছে, সারা দেশে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯২ জনের। এ ছাড়া সন্দেহজনক হাম রোগের লক্ষণ নিয়ে ৫৪৭ জন মারা গেছে। অর্থাৎ হাম ও এর উপসর্গ মিলিয়ে ৬৩৯ জনের প্রাণহানি হয়েছে। এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি ২২৯ জন ঢাকায় মারা গেছে; আর ৮৬ জন রাজশাহী বিভাগের।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গেল ২৪ ঘণ্টায় নতুন করে ৯৪ জন হাম আক্রান্ত হয়েছে; এই সময়ে ৯৪৫ জন হামের লক্ষণ নিয়ে হাসপাতালে আসে; যাদের মধ্যে হাসপাতালে ভর্তি হয় ৮২৯ জন।
গেল ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে হাসপাতালে আসে সবচেয়ে বেশি ৩১০ জন ঢাকার হাসপাতালগুলোতে। আর সবচেয়ে কম ১৭ জন ভর্তি হয়েছে রংপুরে।
এ নিয়ে দেশে মোট সন্দেহজনক রোগীয় সংখ্যা ৮২ হাজার ২৯ জন এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৯ হাজার ৯২৭ জন।