কার্যক্রম শুরু করার প্রথম দুই কার্যদিবসে সম্মিলিত ইসলামী ব্যাংকে আমানত জমা পড়েছে ৪৪ কোটি টাকা। বিপরীতে এ ব্যাংক থেকে উত্তোলন করা হয়েছে প্রায় ১০৮ কোটি টাকা। এক্ষেত্রে ১৩ হাজার ৩১৪টি লেনদেন হয়েছে।
সোমবার কেন্দ্রীয় ব্যাংকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। তিনি বলেন, আমরা যতটা আশা করেছিলাম, তার থেকে কম উত্তোলন হয়েছে। আবার ৪৪ কোটি টাকা আমানত আমাদের আশাবাদী করছে।
গভর্নর বলেন, একটি নতুন ব্যাংকের কার্যক্রম শুরু করতে অনেক সময় লাগে। তবে সবার আন্তরিকতায় আমরা নতুন আইন প্রয়োগের মাধ্যমে ২ মাসেই তা করতে সক্ষম হয়েছি। ব্যাংকটির পরিচালনা পর্ষদে বেসরকারি প্রতিনিধি নিয়োগের প্রক্রিয়া চলমান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ড. মোহাম্মদ আইয়ুব মিয়া। তিনি বলেন, ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ প্রক্রিয়া চলমান। ১ সপ্তাহের মধ্যেই এমডি নিয়োগ দেয়া হবে। আগামী ১৯ জানুয়ারি ব্যাংকটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে।