চুয়াডাঙ্গায় ধর্ষণ মামলায় এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্র্যাইব্যুনালের বিচারক সৈয়দ হাবিবুল ইসলাম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
দণ্ডাদেশপ্রাপ্ত আসামি চুয়াডাঙ্গা পৌর এলাকার বুজরুকগড়ি মাদ্রাসাপাড়ার সিরাজুল ইসলামের ছেলে খাইরুল ইসলাম (২৪)।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর বিকালে খাইরুল ইসলাম সপ্তম শ্রেণী পড়ুয়া এক স্কুলছাত্রীকে বাড়ি থেকে ডেকে ইজিবাইকে তুলে নিয়ে যায়। পরদিন দিবাগত রাত ১টার দিকে মেয়েটিকে শহরের সুমুরদিয়া এলাকার আমবাগানে নিয়ে ধর্ষণ করে। পরে স্থানীয় একটি বিল থেকে মেয়েটিকে উদ্ধার করে তার পরিবার। এ ঘটনায় চুয়াডাঙ্গা সদর থানায় মামলা করেন মেয়ের বাবা।
এ মামলায় আসামির বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ হওয়ায় খাইরুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার রায় ঘোষণা করেন আদালত।