কক্সবাজার সমুদ্রসৈকতে গোসলে নেমে শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ ২

এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরো দুই শিক্ষার্থী।

কক্সবাজারের হিমছড়ি সমুদ্রসৈকতে গোসল করতে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরো দুই শিক্ষার্থী। মৃত শিক্ষার্থীর নাম কে এম শাদনান সাবাব রহমান (২১)।

মঙ্গলবার (৮ জুলাই) ভোরে হিমছড়ি জাদুঘর সংলগ্ন সৈকতে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাবাব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি ঢাকার মিরপুরে।

নিখোঁজ দুই শিক্ষার্থী হলেন বগুড়া জেলার রফিকুল ইসলামের ছেলে আসিফ আহমেদ (২২) ও আমিনুল ইসলামের ছেলে অরিত্র (২২)। তারা একই বিভাগের শিক্ষার্থী।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের শিক্ষার্থী রিয়াদ মিয়া জানান, প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষা শেষে পাঁচ বন্ধু মিলে কক্সবাজার বেড়াতে যান। মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে তারা হিমছড়ি সৈকতে যান। এ সময় বৃষ্টি শুরু হলে রিয়াদ ও অপর একজন ছাতার নিচে চলে এলেও সাবাব, আসিফ ও অরিত্র পানিতে থেকে যান। রিয়াদ জানান, তাদের বারবার ডাকা হলেও তারা সাড়া দেননি। মাঝিরাও তাদের উঠে যেতে বলেছিলেন। একপর্যায়ে স্রোতের টানে তিনজনই ভেসে যান।

হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুমনাথ বসু বলেন, চার বন্ধু সৈকতে ঘুরতে এসেছিলেন। এ সময় তিন বন্ধু এক সঙ্গে গোসল করতে নামে। গোসলের এক পর্যায়ে স্রোতের টানে তারা ভেসে যায়। এদের মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুজন এখনো নিখোঁজ। তাদের উদ্ধারে ফায়ার সার্ভিস ও সি সেইফ লাইফ গার্ড কাজ করছে।

আরও