জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ১০ শিক্ষক ও গবেষক বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় স্থান পেয়েছেন। যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও নেদারল্যান্ডসভিত্তিক প্রকাশনা সংস্থা এলসেভিয়ার যৌথভাবে গতকাল বুধবার (৭ অক্টোবর) এ তালিকা প্রকাশ করে। একই গবেষণাভিত্তিক মূল্যায়নে বাংলাদেশের গবেষণা প্রতিষ্ঠান হিসেবে ১০ম স্থান পেয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।
গবেষকদের প্রকাশিত গবেষণাপত্র, সাইটেশন, এইচ-ইনডেক্স, গবেষণার ধারাবাহিকতা এবং সহ-লেখকদের গবেষণাগত প্রভাবসহ বিভিন্ন সূচকের ভিত্তিতে এ তালিকা তৈরি করা হয়েছে। আন্তর্জাতিক পর্যায়ে গবেষকদের গবেষণার মান ও প্রভাব মূল্যায়নের ক্ষেত্রে এ তালিকাকে গুরুত্বপূর্ণ সূচক হিসেবে বিবেচনা করা হয়।
তালিকায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্থান পাওয়া গবেষকদের মধ্যে রয়েছেন অধ্যাপক এ এ মামুন (২৪১), মো. সাইফুল ইসলাম (৫৩১), মো. শরাফাত চৌধুরী (৫৯৯), এস এম দিদার উল ইসলাম (৬৬৫), মো. আল-আমিন খান (৭২৭), অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান (৮৯২), শারমিন সুলতানা (১,৮৯০), এম শামীম কায়সার (৫,৩২৪), মোহাম্মদ শরীফ উদ্দিন (৮,৫১০), আবু বকর সিদ্দিক (৮,৭৫৫)।
এ অর্জনে সন্তোষ প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. শামসুল আলম বলেন, বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ১০ জন শিক্ষক ও গবেষকের স্থান পাওয়া নিঃসন্দেহে গর্বের বিষয়। এটি তাদের নিরলস গবেষণা ও মেধার আন্তর্জাতিক স্বীকৃতি।
এ অর্জন বিশ্ববিদ্যালয়ের গবেষণার পরিবেশকে আরো সমৃদ্ধ করবে এবং ভবিষ্যৎ প্রজন্মের গবেষকদের অনুপ্রাণিত করবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তালিকায় স্থান পাওয়া সবাইকে অভিনন্দন জানাই। আশা করি, তারা ভবিষ্যতেও গবেষণার মাধ্যমে বিশ্ববিদ্যালয় ও দেশের জন্য সুনাম বয়ে আনবেন।
উল্লেখ্য, বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের এ তালিকায় বাংলাদেশ থেকে স্থান পেয়েছেন ৩৪৭ জন গবেষক। চলতি বছর দেশের ৮৮টি বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠান থেকে গবেষকেরা এ তালিকায় জায়গা করে নিয়েছেন।