আওয়ামী লীগ নেতাদের জামিন

বরিশালে আইনজীবীদের আদালত বর্জন, বিক্ষোভ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের জামিন দেয়ার প্রতিবাদে আদালত বর্জন করেছেন আইনজীবীরা।

বরিশাল চিফ মেট্রোপলিটন ও অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালত বর্জন করায় গতকাল সকাল থেকে চরম দুর্ভোগে পড়েন বিচারপ্রার্থীরা। এ সময় আদালত প্রাঙ্গণে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন আইনজীবীরা। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতের বিচারকের অপসারণ দাবিও জানান তারা।

বরিশাল জেলা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) হাফিজ আহমেদ বাবলু জানান, যেখানে বিস্ফোরক মামলায় আসামিদের জেলা জজ আদালত থেকে জামিন নিতে হচ্ছে, সেখানে আওয়ামী লীগের নেতারা নিম্ন আদালত থেকেই জামিন পাচ্ছেন। সোমবার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মোহাম্মদ ইউনুস আদালতে এসে সহজেই জামিন পেয়েছেন।

আদালত সূত্র জানায়, ২০১৭ সালের ৫ মে বরিশাল নগরের অনামী লেনে একটি হামলার অভিযোগে ২০২৪ সালের ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের পর বিএনপি কর্মী সরোয়ার হোসেন বরিশাল কোতোয়ালি মডেল থানায় একটি মামলা করেন। মামলায় বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বরিশাল মহানগর সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, মহানগর সভাপতি এ কে এম জাহাঙ্গীর এবং জেলা সাধারণ সম্পাদক তালুকদার মোহাম্মদ ইউনুসসহ ২১০ জনকে আসামি করা হয়। এ মামলায় তালুকদার ইউনুস ৩ নম্বর আসামি। তিনি ২০০৮ সালে বরিশাল-১ এবং ২০১৪ সালে বরিশাল-২ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।

এর আগে ১৭ ফেব্রুয়ারি বরিশাল-৫ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের তিন নেতা জামিনে মুক্তি পান। জামিনপ্রাপ্ত অন্য দুজন হলেন মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন এবং মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান।

আরও