বগুড়ায় ১০৩টি প্যারাকিট টিয়া পাখি উদ্ধারের পর বন বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে অবমুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে পাখিগুলো মুক্ত আকাশে উড়িয়ে দেয়া হয়।
বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ জানিয়েছে, গতকাল বুধবার রাতে কয়েকজন অসাধু পাখি ব্যবসায়ী পাখি পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে বলে খবর পান তারা। এ সংবাদের ভিত্তিতে জেলা শহরের ঠনঠনিয়া এলাকায় নওগাঁ থেকে ঢাকাগামী একটি বাসে তল্লাশি চালানো হয়। সেই সময় বাসটির ভেতরের পণ্যাগার থেকে ১০টি প্লাস্টিকের খাঁচায় রাখা ১০৩টি প্যারাকিট টিয়া পাখি উদ্ধার করা হয়।
বগুড়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার (শিবগঞ্জ সার্কেল) রবিউল ইসলাম জানান, বুধবার রাত সাড়ে ১১টায় পাখিগুলো উদ্ধার করা হয়। এরপরের দিন সকালে বন বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে পাখিগুলো অবমুক্ত করা হয়।