নারী ও শিশু নির্যাতনের ঘটনায় দ্রুত গ্রেফতার ও ন্যায়বিচার দাবি জেএনএনপিএফের

জেএনএনপিএফ বলেছে, প্রতিটি নারী ও শিশুর জন্য সহিংসতামুক্ত ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম সাংবিধানিক দায়িত্ব। অপরাধীদের সময়মতো আইনের আওতায় না আনা এবং বিচারপ্রক্রিয়ায় বিলম্ব ভুক্তভোগীদের সামাজিক ও মানসিক ক্ষতি আরো বাড়িয়ে দেয়

ফরিদপুর, ভোলা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশু নির্যাতনের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার, ভুক্তভোগী ও তাদের পরিবারের নিরাপত্তা এবং ন্যায়বিচার নিশ্চিতের দাবি জানিয়েছে জাতীয় নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম (জেএনএনপিএফ)।

এক বিবৃতিতে গতকাল সংগঠনটি সাম্প্রতিক সময়ে নারী ও শিশুদের ওপর সহিংসতার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে। একই সঙ্গে নির্যাতনের ভিডিও বা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে ভুক্তভোগীদের পুনরায় মানসিকভাবে হয়রানি ও অপদস্থ করার প্রবণতা বন্ধে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, গত ৩০ জুলাই ফরিদপুরের সদরপুরে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থী সহিংসতার শিকার হয়। এ ঘটনায় মামলা হলেও এজাহারনামীয় কয়েকজন অভিযুক্ত এখনো গ্রেফতার হয়নি।

এছাড়া গত ২৬ জুলাই ভোলার বোরহানউদ্দিনে পঞ্চম শ্রেণির এক শিশু সহিংসতার শিকার হয়। ওই নির্যাতনের ভিডিও ডিজিটাল মাধ্যমে ছড়িয়ে দেয়া হয়। এতে শিশুটিকে মানসিকভাবে আরো বিপর্যস্ত ও অপদস্থ হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

বিবৃতিতে আরো বলা হয়, গত ২৪ ফেব্রুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় এক শিক্ষার্থীকে আটকে রেখে গুরুতর শারীরিক নির্যাতনের ঘটনা ঘটে। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও প্রধান অভিযুক্ত গ্রেফতার না হওয়ায় ভুক্তভোগী ও তার পরিবার নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন।

জেএনএনপিএফ বলেছে, প্রতিটি নারী ও শিশুর জন্য সহিংসতামুক্ত ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম সাংবিধানিক দায়িত্ব। অপরাধীদের সময়মতো আইনের আওতায় না আনা এবং বিচারপ্রক্রিয়ায় বিলম্ব ভুক্তভোগীদের সামাজিক ও মানসিক ক্ষতি আরো বাড়িয়ে দেয়।

বিবৃতিতে সংগঠনটি ফরিদপুর, ভোলা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ঘটনাসহ নারী ও শিশু নির্যাতনের সব মামলায় পলাতক অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে নির্যাতিতদের পরিচয়, ছবি বা ভিডিও ছড়িয়ে দেয়া বন্ধে কার্যকর পদক্ষেপ এবং জড়িতদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেয়ার আহ্বান জানানো হয়েছে।

ভুক্তভোগী নারী, শিশু ও তাদের পরিবারের শারীরিক, মানসিক ও আইনি সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি সংবেদনশীল ও দ্রুত বিচারপ্রক্রিয়ার মাধ্যমে নিরপেক্ষভাবে মামলাগুলোর নিষ্পত্তিরও দাবি জানিয়েছে সংগঠনটি।

বিবৃতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে মানবিকতা ও জেন্ডার-সংবেদনশীলতার ভিত্তিতে তাৎক্ষণিক ও সমন্বিত পদক্ষেপ নেয়ার আহ্বান জানানো হয়।

আরও