রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলে যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রীর মৃত্যু হয়েছে। এরা সবাই একই পরিবারের সদস্য। আজ শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া।
নিহতরা হলেন- আব্দুর রহমান (৬৫) ও তার মেয়ে শারমিন (৩৮) এবং মেয়ের জামাই রিয়াজুল (৪৮)। এ সময় শারমিন-রিয়াজুল দম্পতির মেয়ে মিষ্টি (১১) ও অটোরিকশা চালক আহত হন। নিহতদের বাড়ি বরিশালের উজিরপুরে। তারা আজ সকালে অসুস্থ্ স্বজনকে দেখতে বরিশাল থেকে লঞ্চযোগে ঢাকায় আসেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মাতুয়াইলের শিশু-মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউটের সামনে ইউটার্ন নেয়ার সময় অটোরিকশাটিকে ধাক্কা দেয় একটি যাত্রীবাহী বাস। এসময় এ হতাহতের ঘটনা ঘটে। পরে তাদের উদ্বার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিসক তিনজনকে মৃত ঘোষণা করেন। পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মৃতদেহ তিনটি হাসপাতাল মর্গে রয়েছে।
নিহত আব্দুর রহমানের ছেলে তানভীর আহমেদ বণিক বার্তা বলেন, তার মা মহাখালী ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা গুরুতর। মাকে দেখতে গ্রামের বাড়ি বরিশালের উজিরপুর থেকে বাবা, বোন, ভগ্নিপতি ও তাদের এক সন্তান ভোরে সদরঘাট এসে নামেন। সেখান থেকে তানভীরের বাসা মাতুয়াইলে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন পরিবারের সদস্যরা।