আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদ সদস্য ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, ১০ জানুয়ারি স্মরণীয় ও ঐতিহাসিক একটি দিন। এই দিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ বিজয়ের পরিপূর্ণতা অর্জন করে। ১৬ ডিসেম্বর আমরা হানাদার মুক্ত হই, কিন্তু স্বাধীনতার স্বাদ ভোগ করতে পারিনি। যেদিন বঙ্গবন্ধু ফিরে আসেন, সেদিন (১০ জানুয়ারি) আমাদের স্বাধীনতার পূর্ণতা লাভ করেছিল।
বঙ্গবন্ধুর ওপর পাকিস্তানিদের অত্যাচার নির্যাতনের চিত্র তুলে ধরে তোফায়েল বলেন, তার জন্ম না হলে আমরা পাকিস্তানের দাসত্বের নিগড় আবদ্ধ থাকতাম। বার বার বঙ্গবন্ধুকে ফাঁসি দেয়ার চেষ্টা করা হয়েছে। ১৯৬৮ সালে আগড়তলা ষড়যন্ত্র মামলা নামে একটি মামলা দিয়ে বঙ্গবন্ধুকে ফাঁসিতে ঝোলানোর চেষ্টা করা হয়েছিল। তার একপাশে ছিল ফাঁসি আরেক পাশে ছিল প্রধানমন্ত্রীর গদি। বঙ্গবন্ধু প্রধানমন্ত্রীর গদি ত্যাগ করে ফাঁসির মঞ্চকে বেঁচে নিয়েছিলেন।
গতকাল সকালে ভোলা সরকারি স্কুল মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনাসভায় ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর তোফায়েল।